বুধবার ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-০৮ ০০:২০:৩০
মোঃ আল আমিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দুই নেতাকে দলীয় পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব এ.কে.এম. আরিফুর রহমান বাবুর স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—ইটনা বড়িবাড়ী ইউনিয়ন কমিটির সদস্য সচিব মোঃ ফরহাদ মিয়া এবং আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির।
বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়, তাদের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ৭ জুন ২০২৫ তারিখে ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ী ইউনিয়নে এনসিপির একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মোঃ ফরহাদ মিয়া সদস্য সচিব এবং মোঃ হুমায়ুন কবির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের গুরুত্ব ও তীব্রতা বিবেচনা করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব এ.কে.এম. আরিফুর রহমান বাবুর স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংশ্লিষ্ট সমন্বয় কমিটিসহ বর্তমানে অন্য সংগঠনের প্রাথমিক সদস্য পদ এবং সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
এ বিষয়ে বহিষ্কৃত দুই নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।