প্রিন্ট এর তারিখঃ বুধবার ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কিশোরগঞ্জের ইটনায় এনসিপির দুই নেতাকে স্থায়ী বহিষ্কার

প্রকাশিত: ২০২৬-১০-০৮ ০০:২০:৩০

News Image

‎মোঃ আল আমিন, ‎কিশোরগঞ্জ প্রতিনিধি:
‎কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দুই নেতাকে দলীয় পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

 

আজ বুধবার (৭ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব এ.কে.এম. আরিফুর রহমান বাবুর স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

 

‎বহিষ্কৃত নেতারা হলেন—ইটনা বড়িবাড়ী ইউনিয়ন কমিটির সদস্য সচিব মোঃ ফরহাদ মিয়া এবং আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির।

 

‎বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়, তাদের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে।

 

‎চিঠিতে উল্লেখ করা হয়, গত ৭ জুন ২০২৫ তারিখে ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ী ইউনিয়নে এনসিপির একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মোঃ ফরহাদ মিয়া সদস্য সচিব এবং মোঃ হুমায়ুন কবির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

 

‎পরবর্তীতে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের গুরুত্ব ও তীব্রতা বিবেচনা করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

 

‎এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব এ.কে.এম. আরিফুর রহমান বাবুর স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংশ্লিষ্ট সমন্বয় কমিটিসহ বর্তমানে অন্য সংগঠনের প্রাথমিক সদস্য পদ এবং সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

 

‎এ বিষয়ে বহিষ্কৃত দুই নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।