রবিবার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

গ্রামবাসীর চাঁদায় কেনা জমিতে হচ্ছে পূর্ণাঙ্গ খেলার মাঠ: পরিদর্শনে যুব ও ক্রীড়া সচিব, বরাদ্দ সাড়ে চার কোটি টাকা

প্রকাশিত: ২০২৬-১১-২৮ ১৯:২৪:২৩

News Image

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে গ্রামবাসীর উদ্যোগে চাঁদার টাকায় কেনা জমিতে নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ। এ মাঠ নির্মাণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

 

আজ শনিবার (২৮ নভেম্বর) মাঠের জন্য নির্ধারিত জমি সরেজমিনে পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মাহফুজুল আলম।

 

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যুথী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় সচিব স্থানীয় খেলোয়াড়দের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বাবুপুর গ্রামে শিশু-কিশোরদের শরীরচর্চা, খেলাধুলা ও চিত্তবিনোদনের জন্য নির্দিষ্ট কোনো মাঠ ছিল না। ফলে বছরের অধিকাংশ সময় খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত থাকত তারা। জমির ফসল কাটার পর পরিত্যক্ত জমিতে অস্থায়ীভাবে ফুটবল খেলার আয়োজন করত স্থানীয় শিশু-কিশোররা।

 

এ অবস্থার পরিবর্তনে এলাকার কয়েকজন সমাজহিতৈষী ব্যক্তি একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেন। এ লক্ষ্যে কয়েক দফা আলোচনা ও বৈঠকের পর গ্রামবাসীর কাছ থেকে চাঁদা সংগ্রহ করে জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের সম্মিলিত উদ্যোগে ৬০ শতাংশ জমি ক্রয় করা হয়, যা গ্রামবাসীর ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

 

গ্রামবাসীর এ ব্যতিক্রমী উদ্যোগের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। শিশু-কিশোরদের খেলাধুলার উপযোগী পরিবেশ সৃষ্টি এবং একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণের লক্ষ্যে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরবর্তীতে এ মাঠ নির্মাণের জন্য মন্ত্রণালয় থেকে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

 

শনিবার সরেজমিনে জমি পরিদর্শনের মধ্য দিয়ে বাবুপুর গ্রামে পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণের উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেল। মাঠটি বাস্তবায়িত হলে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা, শরীরচর্চা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন এলাকাবাসী।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭