রবিবার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল বিএনপি নেতা আলমগীরের মরদেহ

প্রকাশিত: ২০২৬-১১-২৮ ১৯:০০:১৪

News Image

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় রজতরেখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মো. আলমগীর হোসেনের (৪৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার চৈতারচর এলাকায় নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

 

নিহত আলমগীর হোসেন সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে। গত ২৬ নভেম্বর মোল্লাকান্দি এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে প্রাণ বাঁচাতে তিনি মেঘনার শাখা রজতরেখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

 

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আলমগীর নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর ২৬ নভেম্বর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ২৬ ও ২৭ নভেম্বর টানা দুই দিন অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে পুনরায় অভিযান শুরুর প্রস্তুতিকালে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভেসে ওঠার খবর দেন। পরে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

এদিকে নিহত আলমগীরের রাজনৈতিক পরিচয় নিয়ে দুই পক্ষের দাবির মধ্যে ভিন্নতা দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক পদ-পদবি বা রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে সংঘর্ষে জড়িত বিএনপির দুই পক্ষই আলমগীরকে নিজেদের কর্মী বলে দাবি করেছে।

 

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, আলমগীরের রাজনৈতিক কোনো পদ-পদবি নেই। তবে তিনি সংঘর্ষে জড়িত দুই পক্ষের এক পক্ষের কর্মী বলে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. সেলিম নামে একজন নিহত হন।

 

নিহত সেলিম চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, আওলাদ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এবং রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁরা দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তাঁদের সমর্থকদের মধ্যে বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭