শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

আন্তর্জাতিক

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১১-২৭ ১৫:০৬:৫৮

News Image

প্রবাসীদের কল্যাণ, সিলেটের উন্নয়ন, সামাজিক ঐক্য ও মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার; সিলেটের চার জেলায় ৫০টি সেলাই মেশিন বিতরণ ও রমজানে ইফতার সামগ্রী সহায়তায় ১৭ লাখ টাকার মানবিক প্রকল্প অনুমোদন

 

যুক্তরাজ্য প্রতিনিধি:
প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং মানবতার কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এনইসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।


গত ২৫ নভেম্বর বুধবার দুপুর ১টায় যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের বাঙালি অধ্যুষিত স্মলহিথ এলাকার আল-মিরাজ ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত শতাধিক কেন্দ্রীয়, আঞ্চলিক ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সভাপতি, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে সভায় যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাউন্সিলর আশরাফ মিয়া এবং কোষাধ্যক্ষ হেলেন ইসলাম। সভায় প্রবাসী কমিউনিটির ঐক্য সুসংহত করার পাশাপাশি সিলেটের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে একাধিক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, উপদেষ্টা আলহাজ্ব সোরাবুর রহমান, ফয়জুর রহমান চৌধুরী ও হাজি কবির উদ্দিন। তাঁরা তাঁদের বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থরক্ষা এবং দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাউথ ইস্ট রিজিওনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের সভাপতি আশিক মিয়া, নাজমুল ইসলাম, কাউন্সিলর হাবিবুর রহমান রানা, তাজুল ইসলাম, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, মুজিবুর রহমান, আব্দুল মান্নান মুন্না, শাহজানুর রাজা, ফুলজার আহমেদ, মীর গোলাম মোস্তফা, রুহুল আমীন রুহেল, আনসার উদ্দিন, শেখ জাফর আহমেদ, শাহ শাফী, শেখ নুরুল ইসলাম, জয়নাল ইসলাম, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আহমেদ সাদিক, আব্দুর রউফ তালুকদার, রোকসানা রাজা, গিয়াস উদ্দিন, রকিবুর রহমান, এবি রুনেল, এনামুল ইসলাম, আব্দুল মোহিত, ফয়সল রহমান, মুক্তার আলী, মনোর আলী, রুকনউজ্জামান, দেওয়ান মহসিন উদ্দিন, শাহ চেরাগ আলী, মুজিবুল ইসলাম শাহ আলম, মোহাম্মদ জহির আলী, মাহমুদর রহমান, এস এম আমোয়ার হোসেন, এম এ বাছিত, জাহাঙ্গীর হুসেইন, সৈয়দ কাহের, জে মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, দিলশাদ মিয়া, জাংগীর হুসেইন, আব্দুল হান্নান, আসাদ আলী আসক, রুহেল মিয়া, সাইদুল ইসলাম, আব্দুল কালাম আজাদ, আহাদ আলী, সরওয়ার আহমেদ, নাজিম উদ্দীন ও হারুন আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সভায় মানবকল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে সিলেট বিভাগের চার জেলা—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ৫০টি সেলাই মেশিন বিতরণে ৭ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়। এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাঁদের পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।


এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট বিভাগের চার জেলার দরিদ্র, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণের জন্য ১০ লাখ টাকার আরও একটি মানবিক প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ দুটি প্রকল্প বাস্তবায়নে সর্বমোট ১৭ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের পক্ষ থেকে নেওয়া এসব উদ্যোগকে প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের মানবিক ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


সভায় বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশিদের অধিকার, সম্মান ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সিলেট বিভাগের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পাশাপাশি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর সভাকে সফল ও প্রাণবন্ত করে তোলার জন্য উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও বিস্তৃত করার আহ্বান জানিয়ে বলেন, একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী কমিউনিটি প্রবাসীদের অধিকার আদায়, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রকৃত অর্থে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার পাশাপাশি ব্রিটিশ এয়ারওয়েজসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর জন্য জোর দাবি জানান। তাঁর মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটসহ বৃহত্তর অঞ্চলের প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে এবং দেশের অর্থনৈতিক ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।


সভা শুরুর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আহমেদ সাদিক। পরে উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দের জন্য বার্মিংহামের জনপ্রিয় পানশী রেস্টুরেন্টের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।


প্রবাসীদের কল্যাণ, সিলেটের উন্নয়ন, সামাজিক ঐক্য প্রতিষ্ঠা এবং মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭