বুধবার ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-০৭ ১০:১২:১৮
নিজস্ব প্রতিনিধি:
৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জেলা এটাচমেন্ট কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে আগত প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ। আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন তিনি।
এ সময় জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে তিনি টাঙ্গাইল জেলার প্রশাসনিক কার্যক্রম, ইতিহাস-ঐতিহ্য এবং জেলার সম্ভাবনাসমূহ সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত অবহিত করেন। পাশাপাশি জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও তাঁদের অবহিত করেন তিনি।

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স প্রশিক্ষণার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় অভিজ্ঞতা। জেলা এটাচমেন্টের মাধ্যমে তাঁরা মাঠ প্রশাসনের বাস্তব কাজকর্ম, জনগণের সঙ্গে সম্পর্ক এবং জেলার সার্বিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করতে পারবেন। তিনি প্রশিক্ষণার্থীদের টাঙ্গাইলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানার ও অনুধাবনের আহ্বান জানান।
প্রশিক্ষণার্থীরা জেলা প্রশাসকের উষ্ণ অভ্যর্থনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, এই এটাচমেন্ট তাঁদের পেশাগত জীবন ও মাঠ প্রশাসনের অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স বাংলাদেশ সিভিল সার্ভিসের নতুন কর্মকর্তাদের জন্য একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মসূচি, যার অংশ হিসেবে প্রশিক্ষণার্থীরা বিভিন্ন জেলায় জেলা এটাচমেন্টে অংশগ্রহণ করেন। এই কর্মসূচির মাধ্যমে তাঁরা মাঠ প্রশাসনের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পান।