বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-২৪ ০০:১৩:০৬
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) সকাল ১২টা হতে ৬ টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মামলা সঠিকভাবে রুজু, দ্রুততম সময়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন, নির্ভুল পুলিশ রিপোর্ট দাখিল, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং অপরাধীদের গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত নির্দেশনা বাস্তবায়ন করার ক্ষেত্রে গুরুত্বারোপ করা হয়।
সভায় পুলিশি সেবা গ্রহণে সাধারণ জনগণ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি থানাগুলোকে ‘জিরো কমপ্লেন ইউনিট’ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জিডি ও ইউডি মামলা গুরুত্বসহকারে ও দ্রুত নিষ্পত্তি এবং জনগণের প্রতি আরও জনবান্ধব ও সেবামূলক আচরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া মহানগরীর সড়কগুলোতে শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ, যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।
সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।