বুধবার ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-২৩ ০০:০০:৪৪
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল: পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করতে টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেড শেষে পুলিশ সদস্যদের ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা এবং জনগণের সঙ্গে মানবিক ও ইতিবাচক আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
কিট প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা।
প্যারেড পরিদর্শন শেষে তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা, নির্ধারিত ড্রেসরুলস অনুসরণ, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে ভদ্র, মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে প্রতিটি পুলিশ সদস্যকে সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে পেশাগত দক্ষতা ও সেবার মান আরও উন্নত করার বিকল্প নেই।
এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সদস্যদের পোশাক, কিট, সরঞ্জাম, শৃঙ্খলা ও কর্মপ্রস্তুতি মূল্যায়নের পাশাপাশি বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের কিট প্যারেড আয়োজন করা হয়ে থাকে।