শুক্রবার ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : রাজশাহী || জেলা : জয়পুরহাট

‎জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশকে মারধর, পুলিশের পিকআপ আটকে দেওয়া ও হুমকির অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
‎জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং এক উপ-পরিদর্শককে (এসআই) চার ঘণ্টার মধ্যে বদলির হুমকি দেওয়ার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজন কে আসামি করে মামলা হয়েছে।

 

আক্কেলপুর ‎থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল-মাসুম বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

 

‎গ্রেপ্তারকৃতরা হলেন আক্কেলপুর পৌরশহরের হাস্তাবসন্তপুর মহল্লার সাকিবুর রহমান সুমন (৪০), যিনি ট্যারা সুমন নামে পরিচিত এবং তাঁর ছেলে সায়মন সাফিত (১৭) ওরফে সুজন। 

 

আজ ২৬ এপ্রিল, ২০২৬ রবিবার তাদের আদালতে হাজির করা হলে আদালত ছেলেটিকে জামিন এবং বাবাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

‎এজাহার সূত্রে জানা যায়,গত ২৫ এপ্রিল শনিবার বিকেলে আক্কেলপুর পৌর এলাকায় একটি টিসিবি পণ্য বিক্রয়কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় কয়েকজন ব্যক্তি লাইনে না দাঁড়িয়ে জোর করে পণ্য নেওয়ার চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

 

‎পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অভিযুক্তরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ধাক্কাধাক্কি ও মারধর করেন এবং পুলিশের পিকআপের গতিরোধ করে সেটি কিছু সময়ের জন্য আটকে রাখেন।

 

‎এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত সাকিবুর রহমান সুমন পুলিশের এসআই আব্দুল্লাহ আল মাসুমকে চার ঘণ্টার মধ্যে বান্দরবানে বদলি ও  চাকুরি খাওয়ার হুমকি দেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে বাবা ও ছেলেকে আটক করে। মামলার অন্য আসামিরা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে পিতা,পুত্র সহ ৪ জন ও অজ্ঞাত আরো কয়েকজনের নামে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিরা পলাতক ও তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 

জয়পুরহাটে আদিবাসী দিবস পালন 

প্রকাশিত: ২০২৫-০৮-০৯ ২১:১৮:১২

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭