শনিবার ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

পাবনার সাঁথিয়া থানার ওসি ও সাংবাদিকদের ভুল বোঝাবুঝির অবসান হোক, বজায় থাকুক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক

প্রকাশিত: ২০২৬-১১-১৪ ০০:৩২:০৮

News Image

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা:
পাবনার সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ও সাংবাদিকদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা চলছে।

 

এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি জানান, গত ১০ নভেম্বর পাবনার জেলা প্রশাসক সাঁথিয়া থানা পরিদর্শনে আসেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন সরকারি কর্মসূচি ও আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন।

 

ওসি আনিছুর রহমানের ভাষ্য অনুযায়ী, ওই সময় হঠাৎ কয়েকজন সাংবাদিক তাঁর কক্ষে প্রবেশ করে ক্যামেরা স্থাপন করতে থাকেন। একপর্যায়ে একজন সাংবাদিক একটি মামলার চার্জশিটের বিষয়ে তাঁর কাছে জানতে চান। জবাবে তিনি জানান, সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) তখন থানায় উপস্থিত নেই। তাই পরবর্তী সময়ে আসার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। তবে সাংবাদিকদের চাওয়া মামলাসংক্রান্ত তথ্য সংগ্রহ করে তিনি তাঁদের সরবরাহ করেন বলেও জানান।

 

তিনি আরও বলেন, ওই সময় সাংবাদিকরা বারবার সাক্ষাৎকার দেওয়ার জন্য অনুরোধ করছিলেন। কিন্তু জেলা প্রশাসকের থানা পরিদর্শন উপলক্ষে দাপ্তরিক প্রস্তুতি ও ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে সাক্ষাৎকার দেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। তাঁর দাবি, প্রায় এক ঘণ্টা ধরে এ নিয়ে কথাবার্তার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন তিনি সাংবাদিকদের বিষয়ে নোট নেওয়ার কথা বলেছিলেন।

 

ওসি আনিছুর রহমানের দাবি, সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগটি যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে, বিষয়টি ঠিক তেমন নয়।

 

সাঁথিয়ার সাংবাদিকদের অনেকেই মনে করেন, তথ্যের প্রয়োজনে ওসি আনিছুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাধারণত সৌজন্যপূর্ণ আচরণ করেন এবং তথ্য দিয়ে সহযোগিতার চেষ্টা করেন।

 

সাংবাদিকতা ও প্রশাসন একে অপরের প্রতিপক্ষ নয়, বরং জনস্বার্থে পরিপূরক শক্তি। সাংবাদিকরা সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করবেন, অন্যদিকে প্রশাসনও প্রয়োজনীয় তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করবেন—এটাই প্রত্যাশিত।

 

সাময়িক ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সাংবাদিক ও প্রশাসনের মধ্যে দূরত্ব সৃষ্টি না করে। আলোচনার মাধ্যমে সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটুক এবং সাঁথিয়ার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনস্বার্থে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট থাকুক—এটাই সচেতন মহলের প্রত্যাশা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭