শনিবার ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বীরগঞ্জে গ্রাম্য সালিশে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন এমপি মনজুরুল ইসলাম

প্রকাশিত: ২০২৬-১১-১৩ ২২:৫১:৩০

News Image

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে সাধারণ মানুষের নানা সমস্যা ও অভিযোগ সরাসরি শুনতে গ্রাম্য সালিশে বসেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত গ্রাম্য সালিশে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের কথা শোনেন। এ সময় স্থানীয় বাসিন্দারা পারিবারিক বিরোধ, জমিজমা সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।

 

সালিশে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য ও অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনেন সংসদ সদস্য। যেসব ছোটখাটো বিরোধ তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি বড় ও জটিল সমস্যাগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সমন্বয়ে আলোচনার মাধ্যমে ন্যায়সংগত ভাবে মীমাংসা করার নির্দেশ দেন।

 

এ সময় এমপি মনজুরুল ইসলাম সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

 

সালিশে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম চৌধুরী শাহিন, ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন মণ্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭