শনিবার ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১৩ ২০:৪৭:১২
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আবাসিক এলাকায় বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক ‘খবরের কাগজ’-এর জেলা প্রতিনিধি এবং ‘টাঙ্গাইল প্রতিদিন’ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি কালিহাতীর আবাসিক এলাকায় ‘মিঠু বিড়ি’ কারখানা পরিচালনার ফলে সৃষ্ট পরিবেশদূষণ, তীব্র দুর্গন্ধ ও জনস্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক জুয়েল হিমু।
পরিবারের অভিযোগ, ওই সংবাদ প্রকাশের পর কারখানা কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জেরে কারখানার লোকজন সাংবাদিকের পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় এবং হামলা চালায়। হামলার সময় কারখানার শ্রমিক বক্স ও রেনু বেগম সাংবাদিক জুয়েল হিমুর বাবাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এদিকে, পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের পরিবারের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে সাংবাদিক জুয়েল হিমু বলেন, “সত্য সংবাদ প্রকাশের জেরে আমার পরিবারের ওপর যে হামলা হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।