মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১০ ২৩:১২:২৮
নিজস্ব প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে টাঙ্গাইলে উদ্যাপিত হয়েছে এনপিবির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এনপিবির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুক্তার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্স।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মওলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল শাখার আহ্বায়ক আল-আমিন এবং জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এনপিবি বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি গণমাধ্যমের অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের মূল শক্তি হচ্ছে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন। এনপিবির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আগামী দিনগুলোতেও সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের সময় পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি সুলতান কবির, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সাংবাদিক আতোয়ার রহমান, আলমগির হোসেনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিবেশক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে এনপিবির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের আগামী দিনের পথচলা আরও গতিশীল, সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।