মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১০ ১৯:১২:৪৯
ছবি : এআই
মো. খাদেমুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ভোমরাদহ ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের স্ত্রী রেনুয়ারা বেগম। আবুল হোসেন রাজনীতির পাশাপাশি ওষুধ ও ডায়াগনস্টিক ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি উপজেলা ড্রাগ সমিতির সভাপতির দায়িত্বেও রয়েছেন। রেনুয়ারার নিজস্ব কোনো দোকান নেই। ভোমরাদহ বাজারে মমতাজ ফিলিং স্টেশনের পাশে সবুজ নামে এক কীটনাশক ব্যবসায়ীর দোকানের সামনে তার নামে সাইনবোর্ড লাগানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রেনুয়ারার আগে সার ব্যবসার কোনো অভিজ্ঞতা ছিল না। ছেলের চাকরির কারণে স্ত্রীর নামে ডিলারশিপ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
একই উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নে ডিলার হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেজবাহুল পারভেজ। খনগাঁও ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলীর স্ত্রী মিরা আক্তার। তাদের কারও আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না বলে অভিযোগ রয়েছে।
পীরগঞ্জ ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদের মেয়ে শবনম মুস্তারী সিনথিয়া। তিনি ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা পীরডাঙ্গী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক এবং মা সালমা বেগম ভেলাতৈড় দাখিল মাদ্রাসার শিক্ষক। সিনথিয়া ঢাকায় থাকেন। স্থানীয়ভাবে তার সার ব্যবসার কোনো অভিজ্ঞতা নেই বলে জানা গেছে।
হাজীপুর ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামের স্ত্রী ফেরদৌসি বেগম। দৌলতপুর ইউনিয়নে ডিলার হয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোজাফফর রহমান। তাদেরও আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না বলে অভিযোগ রয়েছে।
পীরগঞ্জ পৌরসভায় ডিলার হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হকের স্ত্রী শ্যামলী আক্তার। পৌরসভার জগথা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আগে তার সার বিক্রির ব্যবসা ছিল না।
এ ছাড়া সেনগাঁও ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান, সৈয়দপুর ইউনিয়নে সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, জাবরহাট ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমানের ছেলে আহমেদ আব ইয়াজ এবং বৈরচুনা ইউনিয়নে বিএনপির সমর্থক লুৎফর রহমান ডিলারশিপ পেয়েছেন। তাদের কারও আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না বলে অভিযোগ উঠেছে।