সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ঘাটাইলে মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের জনসচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ

প্রকাশিত: ২০২৬-১১-০৯ ২১:১৯:৪৩

News Image

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি, সমাবেশ ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ঘাটাইল থানা পুলিশের আয়োজনে সংগ্রামপুর ইউনিয়নের বগা বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বগা বাজার থেকে শুরু হয়ে সংগ্রামপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানের মাধ্যমে মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

র‍্যালি শেষে বগা বাজারে এক জনসচেতনতামূলক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধের পাশাপাশি ইভটিজিং, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কিশোর গ্যাং, অনলাইন জুয়া, চাঁদাবাজি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা এবং স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ সময় সামাজিক অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, অপরাধ সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা, সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব বলে সভায় মত প্রকাশ করা হয়।

 

অনুষ্ঠানে সংগ্রামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

 

এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পুলিশ-জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭