সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও ২০০ মিটার পাইপ ধ্বংস

প্রকাশিত: ২০২৬-১১-০৯ ১৭:৫৪:৪৭

News Image

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও ২০০ মিটার পিভিসি পাইপ বিনষ্ট করা হয়েছে।

 

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার এলাসিন ইউনিয়নের পাহাড়পুর এলাকায় ধলেশ্বরী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত এসব সরঞ্জাম ধ্বংস করা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড়পুর এলাকায় ধলেশ্বরী নদীতে ড্রেজার স্থাপন করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও প্রায় ২০০ মিটার পিভিসি পাইপ বিনষ্ট করা হয়।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার বলেন, উপজেলার যেকোনো স্থানে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে জমির শ্রেণি পরিবর্তন কিংবা সরকারি সম্পদ বিনষ্টের খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

 

তিনি আরও বলেন, জনস্বার্থে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী, কৃষিজমি ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন তৎপর রয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭