শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-০৬ ২১:০১:৩৯
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা অনিকনগর পার্ক সংলগ্ন এলাকায় চিতাবাঘ সদৃশ দুটি প্রাণীকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বন বিভাগের পর্যবেক্ষণে জানা গেছে, প্রাণী দুটি চিতাবাঘ নয়, বরং বিপন্ন প্রজাতির মেছোবাঘ (Fishing Cat)।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামের একটি বাড়ির পাশের ঝোপঝাড়ে প্রাণী দুটিকে প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে প্রাণী দুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেগুলোকে চিতাবাঘ বলে দাবি করা হয়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লোকালয়ের কাছাকাছি বাঘ সদৃশ দুটি প্রাণী দেখতে পেয়ে শতাধিক পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এলাকাবাসীকে সতর্ক করতে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এ সময় উৎসুক লোকজন ঘটনাস্থলে জড়ো হলে প্রাণী দুটি পাশের জঙ্গল ও ঝোপঝাড়ের দিকে চলে যায়।
বন বিভাগের পর্যবেক্ষণ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রাণী দুটির শরীরে বাঘের মতো দাগ ও অবয়ব দেখা যাওয়ায় অনেকেই সেগুলোকে চিতাবাঘ মনে করেন। তবে বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, প্রাণী দুটি মূলত মেছোবাঘ। এটি বাংলাদেশের বন্যপ্রাণীর মধ্যে একটি বিপন্ন প্রজাতি হিসেবে পরিচিত।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, মেছোবাঘ সাধারণত জলাভূমি, নদী-নালা ও ঝোপঝাড়পূর্ণ এলাকায় বিচরণ করে। এদের প্রধান খাদ্য মাছ হলেও ছোট প্রাণীও শিকার করে। সাধারণত এরা মানুষের কাছ থেকে দূরে থাকতে পছন্দ করে এবং অযথা আক্রমণাত্মক আচরণ করে না।
এ অবস্থায় প্রাণী দুটিকে ধাওয়া করা, বিরক্ত করা কিংবা ধরার চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যপ্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বন বিভাগের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
চিতাবাঘের আতঙ্ক ছড়ালেও ঘাটাইলের তালতলায় দেখা মিলেছে দুটি মেছোবাঘের—এমন তথ্য নিশ্চিত হওয়ার পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।