সোমবার ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-১২ ১৮:২৯:২৭
নিজস্ব প্রতিনিধি:
“শিশুবিয়ে আর নয়—কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও নিরাপদ বিকাশের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি উপলক্ষে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জনাব আবু সাঈদ।
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কন্যাশিশুদের মানসম্মত শিক্ষা, নিরাপদ পরিবেশ এবং নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় কন্যাশিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর উপযোগী পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা মনে করেন, কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা এবং বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং তাদের স্বপ্নপূরণের পথ সুগম করার প্রত্যয় নিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।