রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে মোজাইক টাইলস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৯-১৯ ২৩:৪৭:৫৪

News Image

টাঙ্গাইল প্রতিনিধি:
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-৪২৫৬ ও ৪৬২৬) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ, ৬ পদে লড়ছেন ১২ প্রার্থী । 

 

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ৮টা থেকে শহরের বটতলাস্থ সিঅ্যান্ডবি রোডের ইউনিয়ন কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

 

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে ইউনিয়ন কার্যালয়ে তিনটি পৃথক বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা।

 

নির্বাচন কেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের সতর্ক অবস্থানের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ৯২২ জন। ইউনিয়নের মোট ৯টি সাংগঠনিক পদের মধ্যে ছয়টি পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে শেষ মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছেন।


অন্যদিকে, তিনটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই পদগুলোর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন—সহ-সভাপতি পদে আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহব উদ্দিন এবং ক্রীড়া সম্পাদক পদে মো. আজিজুল হক।

 

ফলে বাকি ছয়টি পদে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণে সকাল থেকেই কেন্দ্রটিতে সরগরম পরিবেশের সৃষ্টি হয়েছে।

 

নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন একেএম মনিরুল হক (ভিপি মনির)। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট আইনজীবী সৈয়দ সাইফুল ইসলাম টিটু ও সমাজসেবক আলাউদ্দিন লিটু।


নির্বাচন কমিশনের সদস্যরা জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলছে।

 

নির্বাচন কমিশন সূত্র জানায়, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হবে। সব প্রক্রিয়া শেষ হলে শনিবার রাতেই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭