রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

যশোর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জামায়াত নেতৃবৃন্দের

প্রকাশিত: ২০২৬-০৯-১৯ ২০:৫৮:৩৮

News Image

উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:  
প্রেসক্লাব যশোরের নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক পদে নূর ইসলামসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এমপি, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস এবং প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

 

শনিবার (১৯সেপ্টেম্বর) উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশেশনিবার  প্রেসক্লাব যশোরের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। পরে বিকেল সাড়ে ৩টা থেকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

 

নির্বাচনে সভাপতি পদে দৈনিক যশোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রবীণ সাংবাদিক ও দৈনিক প্রভাত ফেরী পত্রিকার সম্পাদক ফকির শওকত ৪৯ ভোট পেয়েছেন।

 

সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে ওয়াহাবুজ্জামান ঝন্টু ৪১ ভোট এবং জুয়েল মৃধা ২৯ ভোট পেয়েছেন।

 

সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।

 

সদস্য পদে ছয়টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়। এতে শহিদ জয় ৯৬ ভোট, রফিকুল ইসলাম ৯২ ভোট, গালিব হাসান পিন্টু ৮১ ভোট, মুরশিদুল আজিম হিরু ৭৯ ভোট, এসএম সোহেল ৬২ ভোট এবং তৌহিদ জামান ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী সাফিক সায়ীদ ৫৪ ভোট এবং আব্দুল ওহাব মুকুল ৪৮ ভোট পেয়েছেন।

 

এদিকে কয়েকটি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি নির্বাচিত হয়েছেন।

 

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে জামায়াতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, প্রেসক্লাব যশোরের নির্বাচন সাংবাদিকদের পেশাগত সংগঠনের গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ভোটার সাংবাদিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সাংবাদিকতার পেশাগত মর্যাদা সমুন্নত রাখা প্রয়োজন। নতুন কমিটি সাংবাদিকদের কল্যাণ, পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

 

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস ও প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস পৃথকভাবে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সহযোগিতা বৃদ্ধি পেলে যশোরের সাংবাদিকতা আরও সমৃদ্ধ হবে। নতুন নেতৃত্ব দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সাংবাদিক সমাজের বৃহত্তর কল্যাণে কাজ করবেন এটাই তাদের প্রত্যাশা।

 

তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে বলেন, প্রেসক্লাব যশোর যেন সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, কল্যাণ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদারে আরও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে।

 

জামায়াত নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলামসহ সকল নির্বাচিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের দায়িত্ব পালনে সাফল্য ও কল্যাণ কামনা করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭