বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-১৫ ২২:৩০:৫৪
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর, ২০২৬) টাঙ্গাইল সফর করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা।
দিনব্যাপী সফরের শুরুতে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় জেলার প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে বিভাগীয় কমিশনার টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়, পৌর ভূমি অফিস, সন্তোষ এবং টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সরকারি সেবার কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
শিক্ষা ও সামাজিক কর্মসূচিতেও অংশগ্রহণ
সফরকালে মোঃ মনিরুজ্জামান মিঞা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়া তিনি টাঙ্গাইল হাই কেয়ার বধির স্কুল পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছু সময় কাটান এবং তাদের শিক্ষা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনের অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করেন বিভাগীয় কমিশনার।
মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান
মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী র্যালিতে অংশ নেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার।
পরে তিনি মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিভাগীয় কমিশনার বলেন, মাদক নির্মূল শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
টাঙ্গাইল সফরে সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা।