বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-২০ ১২:২৬:৩৯
নিজস্ব প্রতিনিধি:
অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করতে টাঙ্গাইলে ২৫০ শয্যা সদর হাসপাতালে অগ্নিকাণ্ড, প্রাথমিক চিকিৎসা ও Onside Patient Management বিষয়ক একটি সচেতনতামূলক Mock Drill অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) শরীফা হক, জেলা প্রশাসক, টাঙ্গাইলের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে হাসপাতাল কর্তৃপক্ষসহ অগ্নিনির্বাপণ, উদ্ধার, চিকিৎসা ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।
মহড়ায় অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ, বিভিন্ন স্থান থেকে রোগীদের নিরাপদে উদ্ধার এবং আহত ও অসুস্থ রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়ার কার্যক্রম বাস্তবভাবে প্রদর্শন করা হয়।
এ সময় জরুরি পরিস্থিতিতে আহত ও অসুস্থ রোগীদের অবস্থা অনুযায়ী Triage পদ্ধতিতে অগ্রাধিকার নির্ধারণের প্রক্রিয়া দেখানো হয়। পাশাপাশি রোগীদের নিরাপদে রাখার জন্য Safe Zone এবং ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনার জন্য Onsite Patient Management Post স্থাপনের কার্যক্রমও প্রদর্শন করা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সমন্বিতভাবে জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল অনুশীলন করেন।
আয়োজকদের মতে, এ ধরনের মহড়ার মাধ্যমে হাসপাতাল ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার হবে। একই সঙ্গে অগ্নিকাণ্ড বা অন্য কোনো দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত ও পরিকল্পিতভাবে রোগী উদ্ধার, চিকিৎসা এবং নিরাপদ স্থানে স্থানান্তরের সক্ষমতা বাড়বে।
জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল জেলার অন্যান্য হাসপাতালেও পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক Mock Drill আয়োজন করা হবে। এর মাধ্যমে হাসপাতালগুলোতে অগ্নিনিরাপত্তা, রোগী উদ্ধার এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের প্রস্তুতি ও সচেতনতা আরও বাড়ানো হবে।