সোমবার ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের মধুপুরে হাওদা বিলে গোসল করতে নেমে তরুণের মৃত্যু, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২০২৬-০৭-১৯ ২২:৫৭:০৫

News Image

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাওদা বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে অন্তর ম্রং (১৮) নামে এক গারো যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর রোববার (১৯ জুলাই) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত অন্তর ম্রং উপজেলার গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) বিকেলে অন্তর ম্রং তার দুই বন্ধু আন্তনী রেমা ও অগ্নি ম্রংকে সঙ্গে নিয়ে গাছাবাড়ি এলাকার হাওদা বিলে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনজনই বিলের ওপর নির্মিত একটি ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দেন। তাদের মধ্যে আন্তনী রেমা ও অগ্নি ম্রং সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্তর ম্রং পানিতে তলিয়ে যান।

 

ঘটনার পরপরই দুই বন্ধু ও স্থানীয় লোকজন দীর্ঘ সময় ধরে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে রোববার সকাল ৯টার দিকে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিছুক্ষণ পর বিল থেকে অন্তর ম্রংয়ের মরদেহ উদ্ধার করা হয়।

 

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার জানান, সকালে উদ্ধার অভিযান পরিচালনা করে অন্তর ম্রংয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বর্ষা মৌসুমে গভীর জলাশয়ে গোসল ও ঝুঁকিপূর্ণ স্থানে পানিতে ঝাঁপ দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭