সোমবার ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বরিশালে বিএনপি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ, মাঠে পুলিশের একাধিক টিম: বোতলভর্তি পেট্রোল উদ্ধার

প্রকাশিত: ২০২৬-০৭-১৯ ২২:০৯:৩৮

News Image

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুরিরচর বাজারে গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। এ সময় ঘটনাস্থল থেকে বোতলভর্তি পেট্রোল উদ্ধারের দাবি স্থানীয় ব্যবসায়ীদের।
 
আজ ১৯ জুলাই, ২০২৬ রোববার সকালে খবর পেয়ে থানা-পুলিশের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।
 
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) রাত ২টার দিকে কুরিরচর বাজারের বিএনপি অফিসের পাশে নিজের চার্জে দেওয়া ভ্যান দেখতে যান ভ্যানচালক শামীম ব্যাপারী (২৬)। এ সময় তিনি অপরিচিত দুজনকে বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে মিয়ারচর গ্রামের দিকে পালিয়ে যেতে দেখেন।
 
ভ্যানচালক শামীম ব্যাপারী জানান, আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার শুরু করেন এবং নিজেই নেভানোর চেষ্টা করেন। পরে তার চিৎকারে বাজারের নৈশপ্রহরী ও আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কার্যালয়টি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
কুরিরচর বাজারের ব্যবসায়ী মো. ছিদ্দিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে একটি বোতলের মধ্যে থাকা কিছু পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
 
সরিকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মজনু মৃধা বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
গৌরনদী উপজেলার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭