সোমবার ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে ভেজাল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে অভিযান, চার ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২০২৬-০৭-১৯ ২১:১৪:১৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল শহরের জেনারেল হাসপাতাল রোড এলাকায় নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ঔষধ প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

রোববার (১৯ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসন স্থানীয় পুলিশ বিভাগের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বাজারজাত করা, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে চারটি পৃথক মামলায় সংশ্লিষ্ট চারটি ফার্মেসিকে ‘ঔষধ ও কসমেটিকস আইন’ অনুযায়ী মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নকল, ভেজাল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং অবৈধ ওষুধ বাজারজাতকরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

জেলা ঔষধ প্রশাসন সংশ্লিষ্টদের বৈধভাবে নিবন্ধিত ও অনুমোদিত ওষুধ বিক্রির পাশাপাশি মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে অনুমোদিত ফার্মেসি থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

 

**প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, আনরেজিস্টার্ড ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ-বিক্রির অভিযোগে ব্যবস্থা; জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭