মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-২৩ ১২:৩৩:৩৫
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদিঘীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে আদমদীঘি থানা পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, “কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করে বা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। জননিরাপত্তার স্বার্থে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জেলার, আদমদীঘি উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্দেহজনক কোনো তথ্য থাকলে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।