রবিবার ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ; নিহতের সংখ্যা ৫

প্রকাশিত: ২০২৬-০৫-২৪ ১৮:২২:১৯

News Image

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। 


আজ রোববার (২৪ মে, ২০২৬) সকাল ১১টার দিকে শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন এবং একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

 

দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন, পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুরগামী বিআরটিসি বাস ও ঢাকাগামী অ্যাম্বুলেন্সের মধ্যে বিপরীতমুখী চলাচলের সময় এ সংঘর্ষ ঘটে। ঈদের আগে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার মধ্যেই এ দুর্ঘটনা ঘটায় এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।”

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আলমগীর হোসেন (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), তাদের বাবা আব্দুল ওয়াহেদ মোল্যা, আলমগীর হোসেনের স্ত্রী খুশি বেগম (৪৫) এবং জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৫০)। এছাড়া অ্যাম্বুলেন্স চালক কাউছার হোসেন (২২) মাদারীপুর সদর এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।

 

স্থানীয়রা জানান, শংকরপাশা এলাকায় মহাসড়কের এই অংশটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও কার্যকর সড়ক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন তারা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭