বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-২২ ২৩:৫৮:১৬
মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
শিক্ষা ও পেশাগত জীবনে সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের নতুনপাড়া এলাকার চার কৃতী ব্যক্তিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেছে নতুনপাড়া পূজা উদযাপন কমিটি।
বুধবার (২১ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী উপ-প্রকৌশলী ও সহকারী শিক্ষিকাসহ চারজনকে এ সম্মাননা প্রদান করা হয়। তাঁদের সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
সম্মাননা প্রাপ্তরা হলেন, নতুনপাড়া এলাকার রতন রায়ের ছেলে চিকিৎসক লিখন রায়, সুনীল সরকারের ছেলে ৪৫তম বিসিএসের মাধ্যমে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে যোগদানের সুযোগ পাওয়া আদিত্য সরকার, জয় কুমার ঘোষ ভক্তের ছেলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী উপ-প্রকৌশলী সবুজ ঘোষ এবং সন্তোষ সরকারের মেয়ে সাথী সরকার।
লিখন রায় বর্তমানে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। আদিত্য সরকার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মজীবনে যোগদানের সুযোগ পেয়েছেন। সবুজ ঘোষ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে সহকারী উপ-প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। অন্যদিকে, সাথী সরকার সিলেট জেলার জকিগঞ্জের আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।
অনুষ্ঠানে পৌরসভার ৭নং ওয়ার্ডের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্ত চারজনের হাতে ক্রেস্ট তুলে দেন। তাঁদের অর্জনকে এলাকার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
নতুনপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি জয় কুমার ঘোষ ভক্ত বলেন, “মেধা, যোগ্যতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করে আমাদের এলাকার চারজন বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছেন। তাঁদের এ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁদের সাফল্যের স্বীকৃতি জানাতেই এ সম্মাননা প্রদান করা হয়েছে। আমরা তাঁদের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ এলাকার তরুণ প্রজন্মকে লেখাপড়া, মেধা বিকাশ ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে। পাশাপাশি কৃতী ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও এলাকার ইতিবাচক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।