বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

স্বাস্থ্য ও চিকিৎসা

টাঙ্গাইল মেডিকেলে উন্নত চিকিৎসাসেবা ও দালালচক্রের দৌড়াত্ম বন্ধে কড়া নির্দেশ: জনবল সংকট নিরসনে প্রতিমন্ত্রীর আশ্বাস

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এবং দালালচক্রের দৌড়াত্ম বন্ধে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ ১০ জুলাই, ২০২৬ শুক্রবার সকালে হাসপাতালের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

 

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মুস্তাফিজুর রহমান, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। এছাড়া টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন মিঞা, হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ আরও অনেকে সভায় অংশ নেন।

 

সভায় হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট দূরীকরণ এবং ওষুধ সরবরাহ নিশ্চিতকরণের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার মান বৃদ্ধি, ওয়ার্ডের পরিবেশের উন্নয়ন, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং অ্যাম্বুলেন্স সেবার মান বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

 

সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল জেলার মানুষ যাতে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দ্রুত নিরসনের চেষ্টা করা হবে। তবে নতুন জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের দিয়েই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, চিকিৎসা পেশা অত্যন্ত মানবিক ও দায়িত্বপূর্ণ। মানুষ অসুস্থ হলেই সর্বপ্রথম হাসপাতালের শরণাপন্ন হয়। তাই চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সম্মিলিত প্রচেষ্টায় মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।

 

একই সঙ্গে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।  
 


সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭