সোমবার ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

টাঙ্গাইল দর্পণ || মির্জাপুর

টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃ’ত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

 

নিহত ব্যক্তি হলেন খোরশেদ আলম (৫৫)। তিনি ওই গ্রামের কিতাব আলীর ছেলে। অভিযুক্ত ছোট ভাই রমেজ মিয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে তাদের আরেক ভাই মৃত নূরুল ইসলামের বাড়ির ছাদে ধান শুকাতে দেন দুই ভাই। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা ধান একত্র করে ঢেকে রাখেন। পরে বৃষ্টি থেমে গেলে বড় ভাই খোরশেদ আলম ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে থাকেন। একপর্যায়ে সেই পানি ছোট ভাই রমেজ মিয়ার ধানের ওপর গিয়ে পড়ে। এ নিয়েই দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। 

 

বাগবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে রমেজ মিয়া কোদাল দিয়ে বড় ভাই খোরশেদ আলমের বুকের বাম পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি ছাদেই লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

 

ঘটনার পর অভিযুক্ত রমেজ মিয়া পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। 

 

এ বিষয়ে মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 
 

সর্বশেষ

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭