মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-০৬ ১২:৩৩:০৭
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার সংরক্ষণ করে বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং অতিরিক্ত দামে ফল বিক্রির অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে মির্জাপুর উপজেলার সোহাগপুর ও গোড়াই এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান সূত্রে জানা যায়, সোহাগপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা এবং বাসি খাবার সংরক্ষণ করে বিক্রির অভিযোগে সোহাগপুর বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, গোড়াই এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মোল্লা ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, গোড়াই ওয়াল সেতুর নিচে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দামে ফল বিক্রির অভিযোগে তিন ফল বিক্রেতাকে পৃথকভাবে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি থেকে বিরত থাকা এবং পণ্যের সঠিক মূল্য বজায় রাখার বিষয়ে সতর্ক করা হয়।