রবিবার ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশা সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক-২

প্রকাশিত: ২০২৬-১১-২২ ২৩:৪৮:১১

News Image

কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় আরও তিনজন পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

 

শনিবার রাতে পোরশা উপজেলার নিতপুর বিওপির আওতাধীন ২৩০ নম্বর মেইন পিলার সংলগ্ন শীতলি ঘাট মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটক ব্যক্তিরা হলেন—সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের শরিফুল ইসলাম (৪৪) এবং পোরশা উপজেলার বালা শহীদ গ্রামের নাজমুল হোসেন (২৮)।

 

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত ৭টার দিকে নিতপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহলে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, কয়েকজন ব্যক্তি নিতপুর বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ২৩০ নম্বর মেইন পিলার সংলগ্ন শীতলি ঘাট মাঠ এলাকায় অবস্থান করছেন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

 

পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ১২টার দিকে পাঁচজন ব্যক্তিকে শূন্য লাইনের দিকে যেতে দেখে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা শরিফুল ইসলাম ও নাজমুল হোসেনকে আটক করতে সক্ষম হন। অপর তিনজন পালিয়ে যান।

 

বিজিবির জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের সঙ্গে থাকা পলাতক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পলাতকরা হলেন—পোরশার গোপিনাথপুর গ্রামের তসলিম আলী (৪৫), বৈদ্যপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫০) এবং বিষ্ণুপুর গ্রামের উকিল (৪০)।

 

এজাহারে আরও বলা হয়, আটক ব্যক্তিরা ভারতে যাওয়ার জন্য কোনো বৈধ পাসপোর্ট দেখাতে পারেননি। বিজিবির দাবি, তারা অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

 

এ ঘটনায় আটক দুইজন ও পলাতক তিনজনের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১) ধারায় পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

বিজিবি জানায়, আটকের সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে নাজমুল হোসেন মাটিতে পড়ে বাম পায়ের হাঁটুর নিচে গোড়ালির ওপর সামান্য আহত হন। পরে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

এ বিষয়ে পোরশা থানায় এজাহার দায়ের করা হয়েছে। পলাতক তিনজনকে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭