রবিবার ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-২২ ২৩:১২:৪৬
উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:
যশোরের দড়াটানা অংশে কচুরিপানা অপসারণ ঘিরে ভৈরব নদ এখন নাগরিক আলোচনার কেন্দ্রে। নদের খনন করা ৯২ কিলোমিটারের অধিকাংশই কচুরিপানায় ভরে ওঠায় খনন প্রকল্পের ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়েছে বলে মনে করছেন নদী আন্দোলনকর্মীরা। তাদের ভাষ্য, সৌন্দর্য ফেরানোর নামে কচুরিপানা পরিষ্কার নিয়ে আলোচনা তুঙ্গে থাকলেও খনন প্রকল্প ঘিরে অনিয়ম-দুর্নীতি, লুটপাট, দূষণ ও নদের প্রাণপ্রবাহে বাধাগুলোর বিষয়টি আড়ালেই রয়ে গেছে।
তাদের মতে, কেবল প্রবাহহীন ও বদ্ধ জলাশয়েই এভাবে কচুরিপানা জন্মায়। এতে প্রমাণ হয়, খননের পরও ভৈরবের স্বাভাবিক প্রবাহ ফিরে আসেনি। অথচ স্থায়ী পরিকল্পনার বদলে এখন কেবল কচুরিপানা পরিষ্কারের বিষয়টিই গুরুত্ব পাচ্ছে।
আন্দোলনকর্মীদের অভিযোগ, খননকাজের বরাদ্দের অধিকাংশই লুটপাট হয়েছে এবং নিয়মমাফিক খনন না করায় নদে প্রাণ ফেরেনি। খননের আগে দখলদারদের তালিকা করা হলেও কয়েক বছর পেরিয়ে যাওয়ার পরও অনেক দখলদারকে উচ্ছেদ করা হয়নি। ভৈরবের প্রবাহে বাধা সৃষ্টি করা ৫১টি অপ্রশস্ত ব্রিজ-কালভার্টের কোনোটিই অপসারণ করা যায়নি।
জানা গেছে, ‘ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প’-এর আওতায় চৌগাছার তাহেরপুর থেকে বসুন্দিয়া পর্যন্ত ৯২ কিলোমিটার নদ পুনঃখনন এবং বসুন্দিয়া থেকে আফ্রা ঘাট পর্যন্ত ৪ কিলোমিটার ড্রেজিং করা হয়। ২৭৯ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ শেষ হয় ২০২৩ সালের ৩০ জুন। খনন প্রকল্পের উদ্দেশ্য ছিল ভৈরব নদের নাব্যতা বৃদ্ধি, মাথাভাঙ্গা নদের সঙ্গে সংযোগ স্থাপন, যশোরের চৌগাছা, সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার ২২ হাজার হেক্টর এলাকার নিষ্কাশন ও সেচব্যবস্থার সম্প্রসারণ এবং মৎস্য চাষের উন্নয়ন। কিন্তু পানিপ্রবাহ না ফেরায় এসব উদ্দেশ্যের কোনোটিই সফল হয়নি।
ভৈরব নদ সংস্কার আন্দোলনে সম্পৃক্তদের দাবি ছিল, খননের পাশাপাশি চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীর সঙ্গে ভৈরবের সংযোগ স্থাপন। এ ব্যাপারে জোর দাবি জানানো হলেও সেটি করা হয়নি। ফলে চুয়াডাঙ্গা ও চৌগাছার তাহেরপুর হয়ে বয়ে আসা নদে জোয়ার-ভাটা ফেরেনি।
নদী রক্ষায় আন্দোলনকারী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তর সূত্রে জানা গেছে, ৫১টি অপরিকল্পিত সেতু-কালভার্ট ভৈরবের গলা চেপে ধরেছে। নদের দুই ধারে মাটি ফেলে নদের প্রকৃত প্রশস্ততা কমিয়ে সংযোগ সেতু ও কালভার্ট নির্মাণ করায় স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এসব কালভার্ট-সেতু অপসারণ করে নদের প্রকৃত প্রশস্ততা অনুযায়ী করার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।
অভিযোগ রয়েছে, এসব প্রতিবন্ধকতা অপসারণ ও নদের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত না করেই বিপুল অর্থ ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ না হওয়া নিয়েও অভিযোগ রয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশন ও পরিবেশবাদীদের তথ্য অনুযায়ী, দড়াটানা সেতু থেকে কাঠের পুল পর্যন্ত প্রায় ৮০০ মিটার এলাকাসহ নদের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক বহুতল ভবন ও প্রভাবশালীদের অবৈধ স্থাপনা রয়েছে।
ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু বলেন, ‘খননের নামে লুটপাট চালানো হয়েছে, কিন্তু প্রাণ ফেরেনি ভৈরবের। মাইলের পর মাইলজুড়ে কচুরিপানা জমে থাকা তার প্রমাণ। স্বাভাবিক প্রবাহ ও স্রোত ফিরিয়ে আনা না গেলে কচুরিপানা পরিষ্কারের সাময়িক উদ্যোগে কোনো স্থায়ী সুফল আসবে না। স্রোত থাকলে কচুরিপানা জমে না, জোয়ার-ভাটায় ভেসে চলে যায়।’
তিনি জানান, নদটিকে চতুর্থ শ্রেণিতে নামিয়ে আনা হয়েছে। দড়াটানা ও নীলগঞ্জের মতো কালভার্টসদৃশ সেতু, দখল এবং নির্বিচারে বর্জ্য ফেলায় নদটি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ভৈরবের স্থায়ী সমাধানের জন্য উজানে মাথাভাঙ্গা বা পদ্মার সঙ্গে নদটির সংযোগ ঘটিয়ে পানিপ্রবাহ সচল করা জরুরি ছিল বলে মনে করেন তিনি। পাশাপাশি অবকাঠামো অপসারণ, দখলদার উচ্ছেদ এবং খননের নামে অনিয়ম ও অর্থ লুটপাটের তদন্ত দাবি করেন এই নদীকর্মী।
ভৈরবজুড়ে চলছে নির্বিচার দূষণও। শহরের ড্রেনেজ নদে মিশেছে। গৃহস্থালি বর্জ্য, হাসপাতাল-ক্লিনিক, বাজার, জবাইখানা ও টয়লেটের বর্জ্য ঢালা হচ্ছে নদের বুকে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার ছোট-বড় প্রায় ৯০টি হাসপাতালে এখনো কোনো ইটিপি বা ডব্লিউটিপি স্থাপন করা হয়নি। ফলে এসব হাসপাতালের তরল ও চিকিৎসাবর্জ্য পরিবেশে মিশে যাওয়ার ঝুঁকি রয়েছে।
সম্প্রতি ডা. সাদিয়া মনোয়ারা ঊষাসহ তরুণদের কচুরিপানা অপসারণ উদ্যোগের পর কচুরিপানার অন্তরালে থাকা ভয়াবহ দূষণ ফের সামনে এসেছে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মতের ভিড়ে দূষণ ও খননের নামে লুটপাটের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।
ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ছোলজার রহমান জানান, খনন প্রকল্প নিয়ে লুটপাটের অভিযোগ রয়েছে। খননের সময় নদের দুই পাড়ে রাখা মাটি ফের নদে গিয়ে পড়ায় নদটি আবদ্ধ খালে পরিণত হয়েছে। তার ভাষ্য, নদটি জলাবদ্ধ পুকুরের মতো হয়ে যাওয়ায় কচুরিপানার বিস্তার ঘটছে। শুধু স্থানীয়ভাবে কচুরিপানা পরিষ্কার করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। যশোর শহরের প্রায় পাঁচ কিলোমিটার এলাকার অসংখ্য নালা-নর্দমা, গৃহস্থালি, হাসপাতাল, বাজার, জবাইখানা ও পাবলিক টয়লেটের বর্জ্য নদে পড়ায় পানি কালো ও বিষাক্ত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং জলজ প্রাণীও প্রায় বিলুপ্তির পথে বলে জানান তিনি।
সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট সালমান হাসান রাজিব বলেন, ‘নদ-নদী একটি ভূগোলের, মানচিত্রের ও জনপদের প্রাণপ্রকৃতি। জীবন্ত সত্তা নদী মরে গেলে ধুঁকে ধুঁকে বাঁচে জনপদ। ধ্বংস হয় কৃষি, প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য। হারিয়ে যায় নদ-নদীকেন্দ্রিক জনসংস্কৃতি ও ঐতিহ্য। মরা নদ ভৈরবের প্রাণ ফেরাতে হলে যথার্থ পরিকল্পনার পাশাপাশি লুণ্ঠনবিহীন প্রকৃত খনন, নদটির প্রাণবিধ্বংসী উন্নয়ন বন্ধ এবং দখল রুখতে হবে।’
তিনি জানান, মাথাভাঙ্গা নদীর একটি অংশে ইংরেজ আমলে বাঁধ দেওয়ার কারণে মরণদশায় চলে যায় ভৈরব। নদী আন্দোলনকর্মীরা দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার দর্শনায় মাথাভাঙ্গা নদীর সঙ্গে ভৈরব নদের পুনঃসংযোগ স্থাপনের দাবি জানিয়ে আসছেন। এটি করা গেলে ভৈরবের প্রাণপ্রবাহ ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হবে। পানিপ্রবাহ স্বাভাবিক হলে জলজ উদ্ভিদের অবাধ বিস্তারও কমতে পারে। তিনি প্রশ্ন রাখেন, ‘মরা নদ মরণদশায় থাকলে জনমভর আগাছা জন্মাবে। আর সেগুলো কি অনন্তকাল সাফ করবেন নাগরিকেরা? এটা কি নাগরিকদের কাজ?’
সালমান হাসান আরও বলেন, ‘নদ-নদীর ফোরশোর বা প্লাবনভূমিতে স্থাপনা নির্মাণ বেআইনি। তাহলে কোন বলে দড়াটানায় ইকোপার্কের নামে কংক্রিটের কবর রচনা করা হলো? সেটির উদ্বোধন করেন তৎকালীন ডিসি, যিনি জেলা নদী রক্ষা কমিটির চেয়ারম্যানও, যার দায়িত্ব নদী রক্ষা করা।’
নদপাড়ের গরিব শাহ মাজারের খাদেম ও স্থানীয় বাসিন্দা সালেহা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাইরে থেকে দেখে মনে হতো নদটা সবুজ পটে ঢাকা। কিন্তু কচুরিপানা সরানোর পর দেখা যাচ্ছে, নিচে কোনো স্বাভাবিক পানি নেই। পুরোটাই বিষাক্ত পানি, কাদা আর বর্জ্যে ভরা। নদ খননে বিপুল অর্থ ব্যয় হলেও সাধারণ মানুষ কোনো সুফল পাচ্ছেন না।’ পরিবেশ অধিদপ্তরের যশোর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান জানান, নদে কচুরিপানা জমে থাকা ও তা অপসারণের বিষয়টি মূলত পানি উন্নয়ন বোর্ডের। কচুরিপানা নদীর বাস্তুসংস্থান ও জীববৈচিত্র্েযর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। নদীর স্বাভাবিক প্রবাহ না থাকলে কচুরিপানা সরে যাওয়া কঠিন। প্রবাহ থাকলে তা সহজেই ভেসে চলে যেত।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানান, নদে বিভিন্ন সংস্থার প্রায় ৫১টি ব্রিজ ও কালভার্ট রয়েছে। এসব ব্রিজ-কালভার্টই ভৈরবের প্রবাহের বড় বাধা। এগুলো অপসারণ করা হলে এবং জোয়ার-ভাটা স্বাভাবিক থাকলে নদটি আপনাআপনিই সচল হয়ে উঠবে। তিনি আরও বলেন, নদী বাঁচাতে উজানের পানিপ্রবাহ (আপল্যান্ড ফ্লো) থাকা জরুরি, যার ঘাটতি রয়েছে দেশের নদীগুলোতে। খননকাজে অনিয়ম বা লুটপাটের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, ঢাকা থেকে আসা থার্ড পার্টি টাস্কফোর্সের পরিমাপের ভিত্তিতেই বিল পরিশোধ করা হয়। এ ক্ষেত্রে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কিছু করার থাকে না।