শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১২ ২২:২৭:৫৪
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের বিদায় এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর যোগদান উপলক্ষে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আদমদীঘি উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মাসুমা বেগমকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় এবং নবাগত ইউএনও মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী ইউএনও মাসুমা বেগমের কর্মকালীন দায়িত্বশীলতা, আন্তরিকতা, প্রশাসনিক দক্ষতা এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আগামী দিনের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেন।
এ সময় নবাগত ইউএনও মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীকে স্বাগত জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে আদমদীঘি উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং জনকল্যাণে সকল দপ্তরের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ, পল্লী উন্নয়ন (বিআরডিবি) কর্মকর্তা জাহিদুল আনোয়ার, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, প্রকৌশলী রিপন কুমার সাহা, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিন আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রধান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশার, উপজেলা একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম, তথ্য আপা শিউলি বেগম এবং মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে আদমদীঘি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিদায় ও বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিকে যেমন বিদায়ী কর্মকর্তার কর্মময় সময়ের স্মৃতিচারণ করা হয়, অন্যদিকে নবাগত কর্মকর্তার দায়িত্ব পালনের নতুন পথচলাকে স্বাগত জানানো হয়। সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও প্রশাসনিক সহযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।