শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১২ ২১:৫৫:৩৯
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় আকস্মিক তীব্র শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন কৃষকরা। গতকাল বিকেলে হঠাৎ আঘাত হানা এ প্রাকৃতিক দুর্যোগে উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে থাকা পাকা ও আধাপাকা ধানক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ঘরে তোলার অপেক্ষায় থাকা সোনালি ধান শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছে। এতে এক নিমেষেই কৃষকের সারা বছরের স্বপ্ন ও দীর্ঘদিনের পরিশ্রম অনেকটাই ম্লান হয়ে গেছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আকস্মিক শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় অনেক জমির প্রায় ১২ আনা ধানই ঝরে পড়েছে বা মাটিতে নুয়ে গেছে। বছরের প্রধান ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। অনেক কৃষক ঋণ, ধারদেনা ও নানা আর্থিক সংকটের মধ্যেও ধারাবাহিক পরিশ্রমে ধান চাষ করেছিলেন। কিন্তু ফসল কাটার মৌসুমে প্রকৃতির এমন বিরূপ আচরণে তাদের প্রত্যাশিত ফলন ও আয়ের হিসাব পুরোপুরি পাল্টে গেছে।
কৃষকদের চোখেমুখে এখন অনিশ্চয়তা আর হতাশার ছাপ। যে জমিতে কয়েক দিন আগেও সোনালি ধানের সমারোহ ছিল, শিলাবৃষ্টির পর সেই জমির অনেকাংশে দেখা যাচ্ছে লণ্ডভণ্ড ফসলের চিত্র। মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধানগাছ ও ঝরে পড়া শিষ দেখে অনেক কৃষক কান্নায় ভেঙে পড়ছেন। তাদের আশঙ্কা, ক্ষতিগ্রস্ত ধান ঘরে তুলতে না পারলে ঋণের বোঝা আরও বাড়বে এবং পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়তে হবে।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের লোকসান কাটিয়ে উঠতে সরকারি সহায়তা ও কৃষি বিভাগের জরুরি উদ্যোগ কামনা করেছেন স্থানীয়রা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জমির প্রকৃত অবস্থা সরেজমিনে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং অসহায় কৃষকদের জন্য প্রয়োজনীয় প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন তারা।
প্রকৃতির আকস্মিক এই আঘাতে পোরশার কৃষকদের সোনালি স্বপ্ন আজ যেন বিষাদে পরিণত হয়েছে। এখন তাদের একটাই প্রত্যাশা—ক্ষতির বোঝা কিছুটা হলেও লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পাশে দাঁড়াবে।