রবিবার ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-০৮ ১৩:০১:১৪
মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ বা ‘ক্লিনিক অন হুইলস’ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইউএসএ ও হিউম্যানাটির অর্থায়নে এবং এইচএম বিডি ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত এ মানবিক উদ্যোগের মাধ্যমে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, চিকিৎসকের ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) গোপালপুর পৌর শহরের হেমনগর রোডের মধুবন আবাসিক এলাকায় প্রথম দিনের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এর ধারাবাহিকতায় শনিবার (৭ নভেম্বর) উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চর চতিলা আলিম মাদরাসা মাঠে দ্বিতীয় দিনের মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুটি পৃথক স্থানে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে চারজন চিকিৎসক দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন। ক্যাম্পে আসা রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যার কথা শুনে প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও চিকিৎসকের ব্যবস্থাপত্র দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এতে এলাকার অসচ্ছল ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত অনেক মানুষ বিশেষভাবে উপকৃত হন।
বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে যেসব মানুষ নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না কিংবা প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে সমস্যার সম্মুখীন হন, তাঁদের জন্য এ উদ্যোগ ছিল অত্যন্ত সহায়ক। নিজ এলাকার কাছাকাছি বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পাওয়ার সুযোগ পেয়ে সেবাগ্রহীতাদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পায়।
চিকিৎসাসেবা গ্রহণ শেষে উপকারভোগীরা এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজক ও সহযোগী সংস্থাগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। তাঁদের মতে, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ বিষয়ে হিউম্যান কনসার্ন ইউএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুম মাহবুব বলেন, মানবতার কল্যাণে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য থেকেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষ যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি বিবেচনায় রেখেই ‘ক্লিনিক অন হুইলস’ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেন না। তাঁদের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ উদ্যোগ। ভবিষ্যতেও মানবিক দায়বদ্ধতা থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয় পর্যায়ে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপনে দুই দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আয়োজকদের এমন উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন।