বুধবার ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাভাবিপ্রবিতে এসডিজি অর্জনে শিক্ষার্থী ক্লাবগুলোর কার্যক্রম নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১১-০৪ ১৮:২২:৩৯

News Image

নিজস্ব প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী ক্লাবগুলোর কার্যক্রমের সম্পৃক্ততা নিরূপণ এবং এসব কার্যক্রমের মানচিত্রায়ণের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ অ্যান্ড র‍্যাঙ্কিং কমিটির (কিউআরআরসি) উদ্যোগে এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের যৌথ সহযোগিতায় ‘মাভাবিপ্রবিতে এসডিজির সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী ক্লাবগুলোর কার্যক্রমের সমন্বয়বিষয়ক কর্মশালা’ (QRRC Workshop on Mapping University and Student Club Activities to the SDGs at MBSTU) বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

 

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পেলে শিক্ষার্থীদের সনদের গুরুত্ব ও গ্রহণযোগ্যতাও বাড়বে। বিশ্বে এমন অনেক খ্যাতনামা বিশ্ববিদ্যালয় রয়েছে, যাদের নাম শুনলেই মানুষ শ্রদ্ধা ও সম্মান করে। আমাদেরও দেশের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তুলতে হবে। সামাজিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন জীবনযাপনে সবাইকে সচেষ্ট হতে হবে। বিশ্ববিদ্যালয় সমাজ ও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের এসডিজি অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী—সবার সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। শিক্ষার্থী ক্লাবগুলোর সাবেক সদস্যদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কিউআরআরসি গঠনের উদ্যোগ গ্রহণের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোঃ আনিছুর রহমান। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যক্তি, সমাজ ও জাতির কল্যাণে করা কাজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক অবদান রাখে। আমাদের প্রতিটি কর্মকাণ্ডের সঙ্গে বৈশ্বিক প্রেক্ষাপটের সম্পর্ক রয়েছে। তাই মানবিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মোঃ আবু যুবাইর, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিউআরআরসির সদস্যসচিব ও প্রাইমারি রিসার্চ কন্ট্রাক্টের অধ্যাপক ড. জিয়াউর রহমান।

 

কর্মশালার প্রথম পর্বে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. জিয়াউর রহমান এবং কিউআরআরসির সদস্য ও পরিবেশবিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা (ইএসআরএম) বিভাগের সহযোগী অধ্যাপক ড. তন্ময় রায় তুষার। দ্বিতীয় পর্বে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন কমিটির সদস্য অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াকসহ অন্যান্য সদস্য।

 

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে ছিল—এমবিএসটিইউ ডিবেটিং সোসাইটি, রোটার‍্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইল, এমবিএসটিইউ ফিল্ম সোসাইটি, এমবিএসটিইউ সাংবাদিক সমিতি (জার্নালিস্টস অ্যাসোসিয়েশন), ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি, এমবিএসটিইউ ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন ক্লাব, শহীদস্মৃতি পাঠচক্র, চিলড্রেনস হেভেন টাঙ্গাইল, এমবিএসটিইউ ক্যারিয়ার ক্লাব, গ্রিন ক্লাব (এমবিএসটিইউ), স্পেস, টেক অ্যান্ড রিসার্চ ক্লাব, সাহিত্য সংসদ (এমবিএসটিইউ), এমবিএসটিইউ ফটোগ্রাফিক সোসাইটি, ভয়েস রুট ক্লাব, সেন্ট্রাল ড্রামাটিক ক্লাব (সিডিসি) এবং সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক।

 

কর্মশালায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী ক্লাবগুলোর বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) সংশ্লিষ্টতা চিহ্নিত করা, এসব কার্যক্রমের অবদান মূল্যায়ন এবং এসডিজি অর্জনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভূমিকা আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭