মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২০২৬-১১-০৩ ২১:৪৬:৩৮

News Image

মোঃ উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি: 
যশোর শহরের বকুলতলায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে যশোরের জেলা প্রশাসক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে পৃথক স্মারকলিপি প্রদান করেছে 'জুলাইযোদ্ধা সংগঠন', যশোর জেলা শাখা। মঙ্গলবার দুপুরে এই স্মারকলিপি প্রদান করা হয়।

 

প্রতিবাদের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছেও স্মারকলিপির অনুলিপি তুলে দেওয়া হয়। সংগঠনটির জেলা আহ্বায়ক আহাদ হোসাইন ও সদস্যসচিব রাকিবুল ইসলাম রাকিব যৌথভাবে এ স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

 

স্মারকলিপিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থানে হামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের জোর দাবি জানানো হয়। একইসঙ্গে যশোর জেলার সকল জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শহীদ ও আহতদের উপযুক্ত মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলার অন্যান্য স্থানে থাকা গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্নগুলোর সুরক্ষায় কার্যকর নজরদারি বাড়ানোর দাবিও তোলেন সংগঠনটির নেতারা।

 

স্মারকলিপিতে দলীয় মতপার্থক্য ভুলে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যৌথ প্রতিবাদ কর্মসূচি গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের তাগিদ দেওয়া হয়।

 

সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপির দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭