মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-২৭ ১৬:৫৪:৫৯
উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:
দর্শনা-যশোর-ঢাকা ও বেনাপোল-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে যশোরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রেল যোগাযোগ উন্নয়নের দাবিতে আন্দোলনকারীরা। মঙ্গলবার দুপুরে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে ডিসি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে ডিসির মাধ্যমে স্মারকলিপি দেওয়ার সময় দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তাঁরা স্মারকলিপি ছুড়ে ফেলেন এবং তাতে আগুন দেওয়ার উদ্যোগ নেন। পরে ডিসি মোহাম্মদ আশেক হাসান এসে তাঁদের সঙ্গে কথা বলেন এবং স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপি গ্রহণকালে ডিসি বলেন, মন্ত্রিপরিষদ সচিব ও প্রতিমন্ত্রী বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। প্রভাতী ট্রেন চালু এবং গদখালীসহ বৃহত্তর যশোর অঞ্চলের রেল অবকাঠামোগত সমস্যা সমাধানে কাজ চলছে।
সংগ্রাম কমিটির নেতারা বলেন, পদ্মা সেতু হয়ে বর্তমানে বেনাপোল-যশোর-ঢাকা রুটে বিকেলে একটি ট্রেন চলাচল করে। এ সময়সূচির কারণে যশোর, বেনাপোল, দর্শনা, কোটচাঁদপুর ও কালীগঞ্জ অঞ্চলের যাত্রীরা সকালে ঢাকায় গিয়ে একই দিনে প্রয়োজনীয় প্রশাসনিক ও ব্যবসায়িক কাজ শেষ করে ফিরতে পারেন না।
নেতাদের দাবি, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার যাত্রী যাতায়াত করেন। সকালে ট্রেন চালু হলে যশোরসহ ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মানুষ উপকৃত হবেন। এতে রাজধানীর ওপর জনসংখ্যার চাপও কমতে পারে। রেল উপদেষ্টা ও রেল সচিবের কাছে স্মারকলিপি দিয়ে আশ্বাস পেলেও দৃশ্যমান উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
সংগ্রাম কমিটির ছয় দফা দাবির মধ্যে রয়েছে—বিদ্যমান সময়সূচি বজায় রেখে বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালু, যাত্রীদের সুবিধামতো ট্রেনের সময়সূচি পুনর্বিন্যাস, আন্তনগর ট্রেনে সাধারণ ও কৃষিপণ্য পরিবহনের উপযোগী বগি সংযোজন, বাসের চেয়ে কম ভাড়ায় সাধারণ বগির ব্যবস্থা, কাউন্টারে সাধারণ টিকিট বিক্রি ও জ্যেষ্ঠ নাগরিকদের অগ্রাধিকার এবং দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল রেললাইন নির্মাণ।
সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন আহ্বায়ক কাওসার আলী, সদস্যসচিব প্রকৌশলী রুহুল আমিন, তসলিমুর রহমান ও মাহমুদ হাসান বুলু।
তসলিম উর রহমান বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা ও মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সকালে ঢাকাগামী ট্রেন চালু করা প্রয়োজন। অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু বলেন, ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
কর্মসূচিতে সংগঠনের নেতা হাবিবুর রহমান মিলন, নওরোজ আলম খান চঞ্চল, রিয়াদুর রহমান ও দিপংকর দাস রতনসহ স্থানীয় আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন।