শনিবার ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-০৩ ১১:৫৫:২১
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি শহীদ শাহেদ হাজারী ডিগ্রি কলেজ মাঠে ছাতিহাটি জি.আর যুবক সমিতির উদ্যোগে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শহীদ শাহেদ হাজারী ডিগ্রি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মহেলা স্পোর্টিং ক্লাব ও হেমনগর স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ ৬০ মিনিটের খেলায় মহেলা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে হেমনগর স্পোর্টিং ক্লাব বিজয় অর্জন করে।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দর্শকরাও প্রিয় দলের সমর্থনে মাঠজুড়ে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেন। প্রথমার্ধের ১২ মিনিটের মাথায় হেমনগর স্পোর্টিং ক্লাবের ১৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় হাসান দলের পক্ষে প্রথম ও একমাত্র গোলটি করেন। তাঁর করা ওই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
পরবর্তী সময়ে গোল পরিশোধের জন্য মহেলা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা একাধিক আক্রমণ চালালেও হেমনগর স্পোর্টিং ক্লাবের রক্ষণভাগ দৃঢ়তার সঙ্গে তা প্রতিহত করে। নির্ধারিত ৬০ মিনিট শেষে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের ব্যবধানে হেমনগর স্পোর্টিং ক্লাব জয় লাভ করে।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা তাঁতী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েল।
অনুষ্ঠানে খেলার উদ্বোধন করেন সৈয়দ টিটন ফাউন্ডেশন আইসড়ার চেয়ারম্যান সৈয়দ মারুফুল ইসলাম টিটন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর পাইকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহসভাপতি মীর ফরহাদ আলী, পাইকরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলাকে কেন্দ্র করে ছাতিহাটি শহীদ শাহেদ হাজারী ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
খেলা শেষে বিজয়ী হেমনগর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা। স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা ধরে রাখতে এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও সংশ্লিষ্টরা।