বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

তথ্য অধিকার আইনে আবেদন, সমকাল সাংবাদিককে ‘অফেন্সিভ মোডে’ যাওয়ার হুমকির অভিযোগ ঘাটাইলের ইউএনওর বিরুদ্ধে

প্রকাশিত: ২০২৬-০৯-২৪ ২৩:০২:৪৭

News Image

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে তথ্য অধিকার আইনে পৌরসভার বিভিন্ন আর্থিক তথ্য চেয়ে আবেদন করায় দৈনিক সমকালের ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়াকে ‘অফেন্সিভ মোডে’ যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মাহমাদুল হাসানের বিরুদ্ধে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মুঠোফোনে সাংবাদিক মাসুম মিয়াকে ওই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এর আগে একই দিন সকালে ঘাটাইল পৌর প্রশাসকের কাছে তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় লিখিত আবেদন করেন ওই সংবাদকর্মী।

 

সাংবাদিক মাসুম মিয়ার করা আবেদনে ঘাটাইল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে মোট কত টাকা পৌরকর আদায় হয়েছে এবং তা কোন কোন খাতে ব্যয় করা হয়েছে—সে তথ্য চাওয়া হয়। একই সঙ্গে সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রাপ্ত ‘ওয়ান পার্সেন্ট রাজস্ব’-এর আয় ও ব্যয়, হাট-বাজার থেকে খাস কালেকশন বাবদ আয় ও ব্যয় এবং অটোরিকশা ও ভ্যানের লাইসেন্স বাবদ আদায়কৃত অর্থ ও ব্যয়ের তথ্যও চাওয়া হয়েছে।

 

মাসুম মিয়ার অভিযোগ, তথ্য চেয়ে আবেদন করার পরই ক্ষুব্ধ হন ইউএনও ও পৌর প্রশাসক মো. মাহমাদুল হাসান। পরে মুঠোফোনে কথা বলার সময় তিনি তথ্য চাওয়ার বিষয়টিকে ‘ফাজলামি’ বলে উল্লেখ করেন এবং ‘অফেন্সিভ মোডে’ যাওয়ার কথা বলেন।

 

মুঠোফোনে কথোপকথনের সময় ইউএনও ও পৌর প্রশাসক মো. মাহমাদুল হাসান বলেন, “আপনি তথ্য চেয়ে আবেদন করেছেন। এটা ফাজলামি ছাড়া অন্য কিছু না। আপনি যদি অফেন্সিভ মোডে যান, আমি ইউএনও অফেন্সিভ মোডে যাব। আপনি কার কথা শুনে এ কাজ করতেছেন? এটা অফেন্সিভ মোড।”

 

সাংবাদিক মাসুম মিয়া বলেন, তথ্য অধিকার আইনে তথ্য পাওয়ার অধিকার শুধু সাংবাদিকদের নয়, দেশের প্রত্যেক নাগরিকের রয়েছে। সেই অধিকার থেকেই তিনি ঘাটাইল পৌরসভার বিভিন্ন আর্থিক কার্যক্রমের তথ্য চেয়ে আবেদন করেছেন। কিন্তু আবেদন করার পরই ইউএনও ক্ষুব্ধ হয়ে তাকে ‘অফেন্সিভ মোডে’ যাওয়ার কথা বলেছেন।

 

এ বিষয়ে জানতে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাহমাদুল হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

 

তথ্য অধিকার আইন অনুযায়ী, সরকারি ও জনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্দিষ্ট তথ্য পাওয়ার সুযোগ রয়েছে নাগরিকদের। ঘাটাইল পৌরসভার আর্থিক আয়-ব্যয় সংক্রান্ত তথ্য চেয়ে করা সাংবাদিক মাসুম মিয়ার আবেদনও ওই আইনি কাঠামোর আওতাতেই করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭