শনিবার ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

সহপাঠীদের মানবিকতায় প্রধানমন্ত্রীর সাড়া, নাঈমের মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা অনুদান

প্রকাশিত: ২০২৬-০৮-২২ ২০:২৮:৩৪

News Image

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে কালিদাস কলতান বিদ্যানিকেতনের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী নাঈম শিকদারের ব্লাড ক্যান্সারে আক্রান্ত মা লাইলী বেগমের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

 

এর অংশ হিসেবে আজ শনিবার (২২ আগস্ট, ২০২৬) সকাল ১১টার দিকে কালিদাস কলতান বিদ্যানিকেতন বিদ্যালয়ে উপস্থিত হয়ে নাঈমের পরিবারের হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজিম উদ্দীন,  সখীপুর-বাসাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

অনুদান প্রদানকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে প্রধানমন্ত্রী জানতে পারেন, কালিদাস কলতান বিদ্যানিকেতনের এক শিক্ষার্থীর মা ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। একই সঙ্গে ওই শিক্ষার্থীর সহপাঠীরা এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে ২০ হাজার টাকা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আরও ২০ হাজার টাকা দিয়ে তার মায়ের চিকিৎসায় সহায়তা করেছেন। বিষয়টি জানতে পেরে আমাকে ফোন করে ওই পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন।

 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনি বিদ্যালয়ে এসে শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসার জন্য আজ নাঈমের পরিবারের হাতে নগদ দুই লাখ টাকা দেওয়া হয়েছে। বাকি তিন লাখ টাকা খুব শিগগিরই কালিদাস কলতান বিদ্যানিকেতনের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদলের কাছে হস্তান্তর করা হবে।

 

উল্লেখ্য, গত ১৬ আগস্ট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দে মিষ্টি না কিনে সহপাঠীর মায়ের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা সহায়তা দেন কালিদাস কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা মিলে আরও ২০ হাজার টাকা সহায়তা করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর নজরে আসে।

 

এরপর গত ১৭ আগস্ট রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি এবং সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমকে ফোন করে নাঈমের মায়ের চিকিৎসায় সহায়তার বিষয়টি জানানো হয় বলে জানান মন্ত্রী।

 

পরিবার ও ওই প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, নাঈম শিকদারের মা লাইলী বেগম কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে তার ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। বর্তমানে তিনি সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় তার চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।

 

শিক্ষার্থী নাঈম শিকদার বলেন, “আমার মায়ের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী অনুদান দেওয়ায় আমি তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমার সহপাঠী, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। সবার কাছে আমার মায়ের সুস্থতার জন্য দোয়া চাই।

 

কালিদাস কলতান বিদ্যানিকেতনের পরিচালক ও প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, “প্রধানমন্ত্রী নাঈমের মায়ের চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছেন। এ জন্য নাঈমের পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।”
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭