সোমবার ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ২০২৬-০৮-১৭ ১১:০০:২৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
“মানবসেবায় মানবতার কল্যাণ”—এই প্রত্যয়কে সামনে রেখে টাঙ্গাইলে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৬ আগস্ট) সকালে টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুরে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পে স্থানীয় অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্প শুরুর পরপরই দুই শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। দিনব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

ক্যাম্পে চিকিৎসকের পরামর্শ নিতে আসা বিভিন্ন বয়সী রোগীদের স্বাস্থ্যগত সমস্যা শুনে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় নিম্নআয়ের মানুষের মধ্যে স্বস্তি দেখা যায়।

 

অনুষ্ঠানে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল বলেন, “টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের জন্ম হয়েছে মানবসেবা ও মানবতার কল্যাণে কাজ করার জন্য। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা টাঙ্গাইলসহ সারাদেশে আমৃত্যু মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

 

তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. রাশেদুল হাসান, এমবিবিএস (রা. বি.), সিসিডি (বারডেম)। তিনি আগত রোগীদের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা সম্পর্কে পরামর্শ দেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোহিদুল ইসলাম মোহিত, সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ শারমিন শিমু, দপ্তর ও প্রচার সম্পাদক মো. আসাদ হোসেন এবং কার্যকরী সদস্য মোহাম্মদ তারেকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।

 

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করার উদ্দেশ্যেই এ ধরনের মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।

 

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও গতিশীল করাই তাদের মূল লক্ষ্য।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭