মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-১০ ২১:৪৮:২৫
জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
ফ্রিজে থাকার কথা ছিল রোগ নির্ণয়ের নমুনা। কিন্তু প্যাথলজি বিভাগের সেই ফ্রিজ খুলতেই পাওয়া গেল মাছ। এমন অনিয়মের প্রমাণ পাওয়ার পর সখীপুরের একটি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগ সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (১০ আগস্ট, ২০২৬) সকালে সখীপুরে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিধি ডায়াগনো কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের ফ্রিজে তাজা মাছ সংরক্ষণ করতে দেখা যায়। এ ঘটনায় প্যাথলজি বিভাগটি সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, পাশের গ্রিণ লাইফ হসপিটালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কয়েকটি ক্যানুলা পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে আরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দুই প্রতিষ্ঠানে অভিযানে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পাশে অবস্থিত আরো কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম ও ভোক্তার স্বার্থবিরোধী কর্মকাণ্ড পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে তাঁর সঙ্গে সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেহানা পারভীন উপস্থিত ছিলেন।