বুধবার ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-২৪ ২৩:০০:৫১
প্রতীকী ছবি
মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর দক্ষিণপাড়া এলাকায় বজ্রপাতে কল্পনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত কল্পনা বেগম ওই এলাকার কৃষক আইয়ুব উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন, ২০২৬) দুপুরে নিজ বাড়ির পাশের জমিতে খড় শুকানোর কাজে ব্যস্ত ছিলেন কল্পনা বেগম। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। আকস্মিক এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। প্রতিবেশীদের মধ্যেও গভীর শোক বিরাজ করছে।
বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে খোলা মাঠ, কৃষিজমি ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে কল্পনা বেগমের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।