শনিবার ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-১৩ ২১:১৯:০১
নিজস্ব প্রতিনিধি:
প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১৩ জুন, ২০২৬) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা ক্যাম্পাসে বৃক্ষরোপন ও বিতরণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্থানীয় জোবায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলদ ও ওষুধি বৃক্ষের চারা বিতরণ করেন।
এ সময় অতিথি হিসেবে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার শাহীন মিয়া, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শনিবার কক্সবাজারে উদ্বোধন করা হয়। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে প্রায় ৪০ লাখ বনজ, ফলদ ও ওষুধি বৃক্ষ রোপণ করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।