বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

আজ থেকে দোকানপাট-বিপণিবিতান-শপিংমল খোলা রাত ৯টা পর্যন্ত, ব্যবসায়ীদের স্বস্তি

প্রকাশিত: ২০২৬-০৬-১১ ২০:১৩:০৯

News Image

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
দেশজুড়ে দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল খোলা রাখার সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১১ জুন) থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। এতদিন সন্ধ্যা ৭টায় বন্ধ রাখার নিয়ম থাকলেও নতুন নির্দেশনায় ব্যবসায়ীদের জন্য বাড়তি দুই ঘণ্টা সময় মিলছে।

 

বাংলাদেশ দোকান মালিক সমিতি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। সমিতির নেতারা জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন এই সময়সূচি সম্পর্কে অবহিত করা হয়েছে। এরপরই তা সারাদেশে কার্যকর করার সিদ্ধান্ত আসে।

 

এই সময়সূচি পরিবর্তনের আগে ঈদুল আজহাকে কেন্দ্র করে শপিংমল ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছিল। তবে ঈদের পর আবার আগের নিয়মে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হয়। সেই প্রেক্ষাপটে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন।

 

নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, “বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমাদের জানিয়েছেন, আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।” তিনি এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

 

ব্যবসায়ী মহল মনে করছে, এই সময় বাড়ানোর ফলে বিক্রিবাট্টা বাড়বে এবং ক্রেতারাও স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন। বিশেষ করে কর্মজীবী মানুষদের জন্য সন্ধ্যার পর কেনাকাটার বাড়তি সুযোগ তৈরি হবে।

 

তবে সংশ্লিষ্টরা বলছেন, সময় বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা গেলে এই সিদ্ধান্ত আরও কার্যকর হবে।

 

সব মিলিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার পর দোকান ও শপিংমল খোলা রাখার সময় নির্ধারণে নতুন এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭