রবিবার ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে নিজের মৃত্যুর দৃশ্য মোবাইলে ধারণ করে স্বামীর আত্মহত্যা!

প্রকাশিত: ২০২৬-০৬-০৮ ০০:৩৭:৫৮

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় মোবাইল ফোনের ক্যামেরা চালু রেখে নিজের মৃত্যুর দৃশ্য ধারণ করে আত্মহত্যা করেছেন জিহাদ হোসেন (২১) নামে এক যুবক। পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

আজ রবিবার (৭ জুন, ২০২৬) গভীর রাতে মাগুরা পৌরসভার স্টেডিয়ামপাড়া এলাকায় মোশাররফ হোসেনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় জিহাদের কক্ষের দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে তারা দেখতে পান, ঘরের ভেতরে জিহাদের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

 

নিহত জিহাদ হোসেন মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি মাগুরা-ঢাকা মহাসড়ক সংলগ্ন একটি ব্যাটারির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় ঝালকাঠী জেলার মিম খাতুনের সঙ্গে জিহাদের পরিচয় হয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

 

প্রায় এক মাস আগে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে মিম খাতুন ঢাকায় চলে যান। এরপর জিহাদ একাধিকবার স্ত্রীকে বাড়িতে ফিরে আসার অনুরোধ করলেও তিনি রাজি হননি। চার দিন আগে জিহাদের মা নিজে ঢাকায় গিয়ে পুত্রবধূকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি।

 

স্বজনদের দাবি, ঘটনার রাতে স্ত্রীর সঙ্গে কথা বলার একপর্যায়ে জিহাদ আত্মহত্যা করেন। এ সময় তার মোবাইল ফোনের ক্যামেরা চালু ছিল এবং মৃত্যুর পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ হয়।

 

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পায়। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।” 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭