রবিবার ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-০৭ ২২:২৮:৪৩
ছবি: সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক। সম্প্রতি বিভাগীয় কমিশনার, ঢাকা কর্তৃক স্বাক্ষরিত এক সরকারি পত্রে এ ঘোষণা দেওয়া হয়েছে। এ স্বীকৃতিকে টাঙ্গাইল জেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবামুখী উদ্যোগ এবং শিক্ষা উন্নয়নে গৃহীত কার্যকর পদক্ষেপের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
টাঙ্গাইলে দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা শরীফা হক। তিনি টাঙ্গাইল জেলার ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে নতুন এক অধ্যায়ের সূচনা করেন।
দায়িত্ব পালনের সময় তিনি একটি সফল ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর বিভিন্ন উদ্যোগ শিক্ষক, অভিভাবক ও শিক্ষাবিদ মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা এবং শিক্ষাবান্ধব প্রশাসনিক দৃষ্টিভঙ্গি জেলার শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শরীফা হক বিশ্বাস করেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্য সামনে রেখে তিনি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন।
নিভৃতচারী ও কর্মমুখী এই প্রশাসক দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর মতে, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। এজন্য তিনি প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন।
শরীফা হক মনে করেন, সরকারি সেবা এমন হতে হবে যাতে সাধারণ মানুষ অনুভব করে—রাষ্ট্র তাদের পাশে রয়েছে। তাঁর নেতৃত্বে টাঙ্গাইল জেলা প্রশাসন জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার পথে আরও একধাপ এগিয়ে গেছে বলে মনে করছেন সচেতন মহল।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর গৃহীত কর্মসূচিগুলো ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সম্প্রসারিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জেলার শিক্ষানুরাগী ও সচেতন নাগরিকরা। ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে এই স্বীকৃতি শরীফা হকের কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং জনকল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টারই একটি অনন্য স্বীকৃতি বলে মনে করা হচ্ছে।