সোমবার ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

যশোরে গৃহায়ণ কর্তৃপক্ষের অভিযান: ২৬ স্থাপনা উচ্ছেদ, ৫০ একর জমি উদ্ধার

প্রকাশিত: ২০২৬-০৫-১০ ১৯:২৫:০৬

News Image

উবাঈদুল হুসাইন আল্ সামি , যশোর প্রতিনিধি: 
যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রায় ৫০ একর সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। 

 

আজ রোববার (১০ মে, ২০২৬) সকাল ৯টা থেকে শহরের উপশহর গাবতলা মোড়, বি-ব্লক এবং উপশহর ইউনিয়ন পরিষদ এলাকায় এই অভিযান চালানো হয়।

 

গৃহায়ন কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে উপশহর হাউজিং এস্টেটের বিশাল এলাকা জুড়ে অবৈধ দখলদাররা স্থায়ী ও অস্থায়ী স্থাপনা তৈরি করে রেখেছিল। এসব জমি উদ্ধারে আগেই দখলদারদের নোটিশ প্রদান এবং এলাকায় মাইকিং করা হয়েছিল। রোববার সকাল থেকে শুরু হওয়া অভিযানে ২৬টি অবৈধ স্থায়ী স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে সরকারের প্রায় ৫০ একর মূল্যবান সম্পত্তি পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে কর্তৃপক্ষ।

 

উদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান। তিনি গণমাধ্যমকে জানান, "হাউজিং এস্টেটের ২৬টি স্পটে অবৈধভাবে স্থায়ী স্থাপনা গড়ে তোলা হয়েছিল। আমরা আজ সেগুলো উচ্ছেদ করে জমি পুনরুদ্ধার করেছি। জনস্বার্থে এই অভিযান আগামীকালও (সোমবার) অব্যাহত থাকবে।"

 

অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। উচ্ছেদ কার্যক্রমে ফায়ার সার্ভিস কর্মী এবং হাউজিং কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট সমন্বিতভাবে অংশ নেন। এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

দীর্ঘদিন পর গৃহায়ন কর্তৃপক্ষের এমন কঠোর অবস্থানে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও সরকারি সম্পদ উদ্ধারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭